ঢাকা ও ফেনীর দুই কলেজের নাম শহীদ জিয়া ও খালেদা জিয়ার নামে নামকরণ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৭ পিএম
ঢাকা ও ফেনীর দুটি কলেজের নাম পরিবর্তন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করা হয়েছে। পাশাপাশি টাঙ্গাইল ও রাজশাহীর আরও দুটি কলেজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত বছরের ২৯ ডিসেম্বরের নির্দেশনার আলোকে অধিভুক্ত চারটি বেসরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার মিরপুরের পল্লবী মহিলা ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ জিয়া মহিলা কলেজ। ফেনীর ফুলগাজী মহিলা কলেজের নতুন নাম দেওয়া হয়েছে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ।
এ ছাড়া টাঙ্গাইলের বাসাইল ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে বাসাইল এমদাদ হামিদা কলেজ রাখা হয়েছে। রাজশাহীর বাগমারা উপজেলার সালেহা-ইমারত ডিগ্রি কলেজের নতুন নামকরণ করা হয়েছে সাঁকোয়া কলেজ।
প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট সব অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরকে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।