ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইল সরকার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৪ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)-এর সহায়তা কামনা করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।
স্ট্যাটাসে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি ওএইচসিএইচআর-এর কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল (Note Verbale) পাঠিয়েছে। এতে হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহযোগিতা চাওয়া হয়েছে।
জেনেভাস্থ বাংলাদেশ মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওএইচসিএইচআর থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেলে তা দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে।
বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করেছে যে, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলেও জানানো হয়েছে।