ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে দেশের সকল ভোটারদের সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বুধবার (১১ জানুয়ারি) দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই নির্বাচন শুধু একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, বরং দেশের ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো ও গণতান্ত্রিক ধারার গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। দীর্ঘ সময় ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণ এবার তাদের ইচ্ছা প্রকাশের পূর্ণ সুযোগ পাচ্ছেন।

প্রফেসর ইউনূস আশাবাদ ব্যক্ত করে বলেন, গণভোটের মাধ্যমে জনগণ রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থা নিয়ে তাদের মতামত জানাবেন, আর জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সেই মতামত বাস্তবায়নের জন্য যোগ্য ও দায়বদ্ধ জনপ্রতিনিধি নির্বাচন করবেন। এতে জনগণ সরাসরি রাষ্ট্র পরিচালনায় অংশীদার হবেন।

তিনি আরও বলেন, ভোট প্রক্রিয়া যেন প্রতিটি ভোটারের জন্য আনন্দময়, শঙ্কামুক্ত ও উৎসবমুখর হয়, তা নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই গণতন্ত্রের মূল ভিত্তি। প্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এর জন্য সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে হবে।

প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দল, প্রার্থী ও সংশ্লিষ্ট পক্ষকে সংযম, সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগোনো সম্ভব।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970