প্রবাসীদের জন্য প্রথমবারের মতো ভোটের সুযোগ দিচ্ছে ইসি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৩:১৮ পিএম

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বিশ্বের যেকোনো প্রান্তে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। আধুনিক প্রযুক্তির সহায়তায় এ উদ্যোগ বাস্তবায়ন করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এক ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ইসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচারিত ওই বার্তায় তিনি এ উদ্যোগকে দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

সিইসি বলেন, প্রবাসীদের ভোট প্রদানের সুযোগকে কার্যকর ও সহজ করতে শিগগিরই ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। এই অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হলে প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্টের তথ্য ও প্রবাসে বর্তমান ঠিকানা। রেজিস্ট্রেশনের সময় ফেস আইডেন্টিফিকেশন ও লাইভনেস ডিটেকশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন শেষ হলে প্রবাসীর ঠিকানায় ব্যালট পেপার পৌঁছে যাবে। ভোট প্রদানের পর সেটি খামে ভরে নির্ধারিত ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে।

তিনি আরও জানান, অ্যাপে একটি ইন্সট্রাকশনাল ভিডিও থাকবে যেখানে ধাপে ধাপে করণীয় জানানো হবে। একইসঙ্গে দূতাবাস, ইসির ওয়েবসাইট এবং সরকারি গণমাধ্যমেও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, “যেভাবে একটি শিশু প্রথম পদক্ষেপ নেয়, এটিও আমাদের জন্য একটি প্রথম পদক্ষেপ। আমরা চাই প্রবাসী ভাই-বোনেরা সক্রিয়ভাবে অংশ নেবেন এবং এই ঐতিহাসিক সূচনার অংশ হবেন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রবাসীদের ভোটদান আরও সহজ ও কার্যকর করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970