নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে জানালো নির্বাচন কমিশন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৬ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের শতকরা হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, সবচেয়ে বেশি ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
ইসির তথ্য অনুযায়ী, বিএনপি পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ২ দশমিক ৭০ শতাংশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২ দশমিক ০৯ শতাংশ ভোট।
অন্যান্য দলগুলোর মধ্যে জাতীয় পার্টি পেয়েছে ০ দশমিক ৮৯ শতাংশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) পেয়েছে ০ দশমিক ৩৫ শতাংশ এবং স্বতন্ত্র প্রার্থীরা সম্মিলিতভাবে পেয়েছেন ৫ দশমিক ৭৯ শতাংশ ভোট।
ইসি জানায়, ২৯৯ আসনের নির্বাচনে ৬০টি নিবন্ধিত দলের মধ্যে ৫০টি দল অংশ নেয়। এর মধ্যে ২৯৭টি আসনের গেজেট প্রকাশ করা হয়েছে। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল আদালতের মামলা নিষ্পত্তির পর ঘোষণা করা হবে।
ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭ আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। একই দিনে অনুষ্ঠিত গণভোটে ২৯৯ আসনে ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।
আসনভিত্তিক ফলাফলে বিএনপি পেয়েছে ২০৯টি আসন, জামায়াতে ইসলামী ৬৮টি, এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসন। এছাড়া কয়েকটি ছোট দল একটি করে আসন পেয়েছে। জাতীয় পার্টিসহ ৪১টি দল কোনো আসন পায়নি।