ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা আজ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান টানা দ্বিতীয় দিনের মতো আজ সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১০ মিনিটে তিনি সচিবালয়ে প্রবেশ করেন।
আজকের কর্মসূচির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে এ বৈঠকে প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন পদ্ধতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
দুপুর ২টায় আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কার্যক্রম। পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নকে সামনে রেখে এসব উদ্যোগ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হবে বলে জানা গেছে।
দিনের শুরুতেই প্রধানমন্ত্রী গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সকালে তিনি এনএসআই-এর মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে ডিজিএফআই-এর মহাপরিচালক তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এছাড়া সকাল সাড়ে ১০টায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন। সরকারি কার্যক্রমের পাশাপাশি নিরাপত্তা ও কৌশলগত বিভিন্ন বিষয়েও এদিন আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।