ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, শুরুতেই পাবেন যারা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৫ পিএম
আসন্ন ঈদুল ফিতরের আগে দেশের নির্বাচিত উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। প্রথমে পরীক্ষামূলকভাবে দেশের আটটি বিভাগের আটটি উপজেলায় এই সুবিধা কার্যকর হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি কমিটি গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহদী আমিন, মন্ত্রিপরিষদ সচিবসহ সাতটি মন্ত্রণালয়ের সচিব।
কমিটি মূলত ফ্যামিলি কার্ডের জন্য উপযুক্ত নকশা প্রণয়ন, সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি নির্ধারণ এবং কার্যক্রম বাস্তবায়নের প্রস্তাব তৈরি করবে। প্রাথমিক পর্যায়ে প্রতিটি বিভাগের একটি করে উপজেলা নির্বাচন করা হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নারীদের জন্য বিদ্যমান অন্যান্য কর্মসূচিকে এই কার্ডের ভিত্তি হিসেবে ব্যবহার করা যায় কি না, তা কমিটি পর্যালোচনা করবে। এছাড়া সুবিধাভোগীদের জন্য জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেজ সংযোগের মাধ্যমে ডিজিটাল এমআইএস প্রণয়নের সুপারিশও করবে।
সরকারের লক্ষ্য ঈদুল ফিতরের আগে ফ্যামিলি কার্ড বিতরণ করা। সেই লক্ষ্যে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত কমিটিকে একটি প্রাথমিক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির সভা প্রয়োজন অনুসারে হবে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তাকে সচিবিক সহায়তা দেবে। প্রয়োজনে নতুন সদস্যও অন্তর্ভুক্ত করা যাবে।