আন্দোলনের নামে জনসাধারণের ওপর আর জুলুম হতে দেবো না: র্যাব ডিজি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১১ পিএম
দাবি আদায় কিংবা আন্দোলনের নামে জনসাধারণের ওপর আর জুলুম হতে দেবেন না বলে মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক একেএম শাহিদুর রহমান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।
র্যাব ডিজি বলেন, “গত দেড় বছর ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর ছিল। তখন থেকেই আমরা দেশবাসীকে আশ্বস্ত করেছি যে, আমরা দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে সক্ষম। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করেছি এবং দেশের আইনশৃঙ্খলা ক্রমান্বয়ে আরও উন্নত হবে।”
তিনি আরও জানান, “দাবি আদায় বা আন্দোলনের নামে সাধারণ জনগণের ওপর জুলুম বা তাদের জিম্মি করার কোনো কার্যক্রম আমরা কখনোই হতে দেবো না। আমরা চাই, মানুষ নির্বিঘ্নে চলাফেরা ও স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।”
একেএম শাহিদুর রহমান সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনাদের এবং দেশবাসীর সহযোগিতায় আমরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরও ভালোভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হব এবং সবাইকে সুন্দর একটি দেশ উপহার দিতে পারবো।”