সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল, ডিজিএফআই পেল নতুন ডিজি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম
সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক)-এর জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান-কে নতুন চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আগের সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম সম্প্রতি অবসরে গেছেন।
চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান-কে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) করা হয়েছে। বর্তমান পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত হিসেবে বদলি করা হয়েছে।
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর নতুন মহাপরিচালক হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে কচুক্ষেতের চৌদ্দ তলা সেনা সদর দপ্তরে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমান ডিজিএফআই মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া, দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্বরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে যশোরে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। বর্তমান ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।