ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক মেজর জেনারেল কায়ছার রশীদ চৌধুরী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৩ পিএম

নতুন ডিজিএফআই ডিজিকে মেজর জেনারেল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল কায়ছার রশীদ চৌধুরী। সামরিক সূত্র ও তাঁর দীর্ঘ কর্মজীবনের তথ্য পর্যালোচনা করলে স্পষ্ট হয়-বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম মেধাবী, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও অত্যন্ত চৌকস একজন কর্মকর্তা হিসেবেই তিনি সর্বমহলে পরিচিত। দেশি ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশিক্ষণ, অভিজ্ঞতা এবং পেশাদারিত্বের স্বীকৃতি অর্জনের মাধ্যমেই তিনি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর গোয়েন্দা সংস্থার নেতৃত্বে এসেছেন।

মেজর জেনারেল কায়ছার রশীদ চৌধুরী বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ২৯তম লং কোর্স থেকে দ্বিতীয় সেরা ক্যাডেট হিসেবে কমিশন লাভ করেন। পরবর্তী সময়ে পেশাগত উৎকর্ষ ও ধারাবাহিক সাফল্যের কারণে বর্তমানে তিনি নিজ কোর্সের শীর্ষস্থানীয় কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত। সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, সামরিক প্রশিক্ষণে তিনি কখনোই পিছিয়ে পড়েননি। দেশ-বিদেশের একাধিক মর্যাদাপূর্ণ সামরিক কোর্সে অংশগ্রহণ ও সফল সমাপ্তির মাধ্যমে তিনি নিজেকে একজন পূর্ণাঙ্গ পেশাদার সেনা কর্মকর্তা হিসেবে গড়ে তুলেছেন। বাংলাদেশ ও যুক্তরাজ্য থেকে তিনি দুইবার সফলভাবে স্টাফ কোর্স সম্পন্ন করেন। পাশাপাশি তুরস্ক থেকে আর্টিলারি বেসিক কোর্স এবং পাকিস্তান থেকে গানারি স্টাফ কোর্স শেষ করে তাঁর আন্তর্জাতিক প্রশিক্ষণভাণ্ডার আরও সমৃদ্ধ করেন।

দীর্ঘ সামরিক জীবনে মেজর জেনারেল কায়ছার রশীদ চৌধুরী বিভিন্ন গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পার্বত্য চট্টগ্রামে আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড মেজর (বিএম) হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি কৌশলগত দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতার পরিচয় দেন। এছাড়া ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে (ডিএসসিএসসি) তিন বছরেরও বেশি সময় ডিরেক্টিং স্টাফ এবং চিফ ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করে তিনি ভবিষ্যৎ সামরিক নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্কুল অব আর্টিলারিতেও টানা তিন মেয়াদে প্রশিক্ষক হিসেবে তাঁর পেশাদারিত্বের স্বাক্ষর স্পষ্টভাবে ফুটে ওঠে।

আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। ২০১৯ সালে তিনি জাতিসংঘ সদর দপ্তরে (UNHQ) যোগ দেন। সেখানে কর্মরত অবস্থায় তাঁর নিরলস প্রচেষ্টা ও কৌশলগত উদ্যোগের ফলে বাংলাদেশ শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ (Top Troop Contributing Country) হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করে। তাঁর পুরো কার্যকালেই বাংলাদেশ এই শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর জন্য নতুন ডেপ্লয়মেন্ট ও সুযোগ সৃষ্টি করতেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দক্ষতা, নিষ্ঠা ও পরিশ্রমের কারণে তিনি জাতিসংঘ মহাসচিবের সামরিক উপদেষ্টার (MILAD) আস্থাভাজন হিসেবে পরিচিতি লাভ করেন।

 

ছবি: সংগৃহীত

সহকর্মীদের স্মৃতিচারণায় উঠে আসে তাঁর মানবিক ও অনুপ্রেরণাদায়ী দিক। এক সাবেক সেনা কর্মকর্তা জানান, বিএমএ-তে তাঁর ফার্স্ট টার্ম কর্পোরাল ছিলেন কায়ছার রশীদ চৌধুরী। বুট পরা থেকে শুরু করে জীবনের প্রথম স্যালুট-সবকিছুই তিনি তাঁর কাছ থেকেই শিখেছেন। প্রশিক্ষণ, অপারেশন ও প্রশাসন-তিন ক্ষেত্রেই মেজর জেনারেল কায়ছার রশীদ চৌধুরী দক্ষতা ও নেতৃত্বের প্রমাণ রেখেছেন বলে সহকর্মীদের অভিমত। ডিজিএফআইয়ের মতো গুরুত্বপূর্ণ সংস্থার নেতৃত্বে এমন একজন যোগ্য ও মেধাবী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তাঁরা।

মেজর জেনারেল কায়ছার রশীদ চৌধুরীর বর্ণাঢ্য কর্মজীবন ও পেশাগত সাফল্যই প্রমাণ করে-মেধা, অভিজ্ঞতা ও পেশাদারিত্বের ভিত্তিতেই তাঁকে ডিজিএফআইয়ের মহাপরিচালকের গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে। সময়োপযোগী এই সিদ্ধান্ত দেশের নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রমে ইতিবাচক ও ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970