মোহাম্মদপুরে আমি নিজেও ছিনতাইয়ের শিকার হয়েছিলাম: আইজিপি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬ পিএম
রাজধানীর মোহাম্মদপুরকে অপরাধপ্রবণ এলাকা উল্লেখ করে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, বিশ্ববিদ্যালয় জীবনে ১৯৮৬ সালে তিনি নিজেও এই এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছিলেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা সরেজমিন পরিদর্শনের সময় মোহাম্মদপুরে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। আইজিপি বলেন, এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে জেনেভা ক্যাম্পের পাশে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন।
আইজিপি আরও উল্লেখ করেন, মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অপরাধ ঘটছে। এ কারণে সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। পুলিশ ইতোমধ্যেই কিশোর গ্যাং, ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে।
তিনি আশা প্রকাশ করেন, পুলিশি তৎপরতার কারণে এলাকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে। আইজিপি বলেন, রাজধানীতে ফুটপাত দখলের পর সড়কও দখলের শিকার হয়েছে, যা সাধারণ মানুষের চলাচল ব্যাহত করছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক না থাকলে অর্থনীতি ও বিনিয়োগ দুটোই ক্ষতিগ্রস্ত হয়।
আইজিপি আলী হোসেন ফকির যোগ করেন, সাধারণ মানুষ পুলিশের পাশে রয়েছে এবং অপরাধী যে-ই হোক কঠোরভাবে দমন করা হবে। হোয়াইট-কলার অপরাধের ক্ষেত্রেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।