পাক-আফগান যুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ এএম

ছবি: সংগৃহীত

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে এ বিষয়ে বাংলাদেশ প্রকাশ্যে কোনো অবস্থান নেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, আঞ্চলিক অস্থিরতা নিরসনে বাংলাদেশ সবসময় আলোচনাভিত্তিক সমাধানকে গুরুত্ব দেয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিন ইস্যুতে আয়োজিত ওআইসি নির্বাহী কমিটির বৈঠকে অংশ নিয়ে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অবস্থানের কথা জানান। এ সময় তিনি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ কূটনৈতিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, দীর্ঘ ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদ-এর সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। আসন্ন ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতা নিয়ে সৌদি আরব সফরে ওআইসিভুক্ত বিভিন্ন দেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, মালদ্বীপ, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন ও সৌদি আরব-এর প্রতিনিধিদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকে দেশগুলো বাংলাদেশকে সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে। বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা সাম্প্রতিক নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান এবং তাঁর নেতৃত্বে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার অস্থিরতা নিরসনে সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার ওপর জোর দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’—এই আদর্শ অনুসরণ করেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে কাজ করা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970