মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৮:০৭ পিএম
মধ্যপ্রাচ্যের একাধিক দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। বাহরাইন, ইরাক, জর্দান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ অঞ্চলের বিভিন্ন দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এ অবস্থান প্রকাশ করা হয়েছে।
রোববার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে সরকারের এ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ইরানে সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার গভীরভাবে উদ্বিগ্ন। চলমান যুদ্ধাবস্থা অব্যাহত থাকলে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সাধারণ বেসামরিক জনগণের কল্যাণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে মতপার্থক্য নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সামরিক তৎপরতা বন্ধ করে দ্রুত আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানে ফিরে আসার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ আশা করে খুব দ্রুত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং স্থিতিশীলতা ও নিরাপত্তা পুনরুদ্ধার করা সম্ভব হবে।