মাইলস্টোনের সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী পাচ্ছেন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৮:০৯ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছরে ২০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) হুমায়ুন কবির।

এবারের তালিকায় সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে রয়েছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারানো শিক্ষিকা মাহেরীন চৌধুরী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দুজনকেই মরণোত্তর এই সম্মাননায় ভূষিত করা হচ্ছে।

২০২৫ সালের জুলাই মাসে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালে একটি প্রশিক্ষণ বিমান ভবনে বিধ্বস্ত হলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ভয়াবহ পরিস্থিতিতে নিজের জীবনের ঝুঁকি উপেক্ষা করে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে গিয়ে গুরুতর দগ্ধ হন শিক্ষিকা মাহেরীন চৌধুরী। পরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতেই তিনি মারা যান।

নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়ার এই কৃতী শিক্ষিকাকে তার অসামান্য আত্মত্যাগ ও মানবিক সাহসিকতার স্বীকৃতিস্বরূপ সমাজসেবা বা জনসেবা ক্ষেত্রে দেশের সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননা দেওয়া হচ্ছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এ বছর ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মনোনীত করা হয়েছে। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষাসহ দেশগঠনে অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হচ্ছে।

এছাড়া মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য মরণোত্তর সম্মাননা পাচ্ছেন মেজর মোহাম্মদ আবুল জলিল এবং প্রতিষ্ঠান হিসেবে ফৌজদারহাট ক্যাডেট কলেজ।

বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অধ্যাপক ড. জহুরুল করিম এবং চিকিৎসা ক্ষেত্রে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে মনোনীত করা হয়েছে। সংস্কৃতিতে উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত এবং মরণোত্তর সম্মাননায় কণ্ঠশিল্পী বশির আহমেদকে নির্বাচিত করা হয়েছে।

সাহিত্য ক্ষেত্রে মরণোত্তর সম্মাননা পাচ্ছেন ড. আশরাফ সিদ্দিকী। ক্রীড়া ক্ষেত্রে দেশের কিংবদন্তি টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনুকে এই পদকের জন্য মনোনীত করা হয়েছে।

সমাজসেবা ও জনসেবা ক্ষেত্রে মাহেরীন চৌধুরীর পাশাপাশি আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে রয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক, এসওএস চিলড্রেন ভিলেজ ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।

গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে অবদানের জন্য মনোনীত হয়েছেন মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক ড. এম এ রহিম এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। এছাড়া জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর), পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এবং পরিবেশ সংরক্ষণে মুকিত মজুমদার বাবু এই রাষ্ট্রীয় সম্মাননা পেতে যাচ্ছেন।

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা। প্রতিবছর স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে এই পদক প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং নগদ অর্থ প্রদান করা হয়ে থাকে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970