হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৭:২৪ পিএম
হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবারও গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বাজারের চাহিদা বিবেচনায় রেখে আধুনিক, মানসম্মত ও ব্যবহার উপযোগী নতুন নতুন পণ্য উদ্ভাবনে উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। বিশেষ করে পাট থেকে অল্পমূল্যে ব্যাগসহ বিভিন্ন পরিবেশবান্ধব পণ্য তৈরি ও বিপণনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সৃজনশীল তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, স্টার্টআপ ও নতুন উদ্ভাবনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্ত হয়ে দেশের পণ্যের নতুন বাজার সৃষ্টি করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি আরও বলেন, একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হলে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে। পাশাপাশি অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের দিকেও গুরুত্ব দিতে হবে।
পাটচাষীদের উদ্দেশে তিনি বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ফলনশীল পদ্ধতিতে পাট চাষ করলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতিতে এর অবদান আরও বাড়বে।