ঢাকা থেকে কুমিল্লা আসতেই উধাও ২০ কার্টন খেজুর

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৮:২৩ পিএম

ছবি: সংগৃহীত

সৌদি আরবের যুবরাজের পক্ষ থেকে বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়া ১২ হাজার ৫০০ কার্টন খেজুর দেশের বিভিন্ন জেলায় বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লা জেলার জন্য বরাদ্দ দেওয়া হয় ৫২০ কার্টন। তবে মাঠপর্যায়ে বিতরণ হয়েছে ৫০০ কার্টন খেজুর। বাকি ২০ কার্টনের কোনো হিসাব পাওয়া যাচ্ছে না।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবসাইট সূত্রে জানা যায়, সৌদি যুবরাজের উপহার হিসেবে পাওয়া এসব খেজুর গত ১ মার্চ জেলাভিত্তিক বণ্টনের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়। কুমিল্লার জন্য মোট ৫২০ কার্টন খেজুর বরাদ্দের তথ্য এখনো অধিদপ্তরের ওয়েবসাইটে রয়েছে।

তবে কুমিল্লার ১৭টি উপজেলায় বিতরণ করা হয়েছে মোট ৫০০ কার্টন খেজুর। ফলে বাকি ২০ কার্টন নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সংখ্যাকে ভুল বলে দাবি করছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবেদ আলী বলেন, তাদের কাছে ৫০০ কার্টন খেজুর এসেছে এবং সেটিই উপজেলার মধ্যে বিতরণ করা হয়েছে। পরবর্তীতে অধিদপ্তরও সেই অনুযায়ী বরাদ্দ ৫০০ কার্টন হিসেবে সংশোধন করেছে বলে জানান তিনি।

তালিকা সংশোধনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তালিকা নয়, বরাদ্দই ৫০০ কার্টন ছিল—সেটিই পরে সংশোধন করে উল্লেখ করা হয়েছে।

তবে প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবসাইটে কুমিল্লা জেলায় ৫২০ কার্টন খেজুর বরাদ্দের তথ্যই দেখা যাচ্ছে।

এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামকে ফোন করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজ এলাকার বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ওই লাইভে তিনি জানান, দেবিদ্বার উপজেলায় ৩৯ কার্টন খেজুর পাওয়া গেছে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970