সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৭ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই এবং বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। তিনি জানান, যদি ভবিষ্যতে এটি আইনের রূপ পায়, তখন পরিস্থিতি বিবেচনা করা হবে।
রোববার বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিই জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কোনো সংস্কার পরিষদ নয়। সংবিধান অনুসারে সাংবিধানিকভাবে এ ধরনের কোনো পরিষদের স্বীকৃতি নেই।
তিনি আরও বলেন, সংসদের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে স্পিকার ও ডেপুটি স্পিকার পদত্যাগ করেছেন।
সালাহউদ্দিন আহমদ ব্যাখ্যা দিয়ে বলেন, গণভোটের মাধ্যমে কোনো বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত করতে হলে প্রথমে সংবিধান সংশোধন করতে হবে। এরপর সেই অনুযায়ী সংসদে আলোচনা হবে এবং শপথ গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সংবিধান সংশোধনের পরই কেবল পরিষদ গঠন ও শপথ গ্রহণের সুযোগ তৈরি হবে।