দেশের ৫৪ খালের খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০২:৩০ পিএম
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কার্যক্রম শুরু করেছে সরকার। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকার সাহাপাড়ায় একটি খাল খননের মধ্য দিয়ে একযোগে দেশের ৫৪টি খালের খনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকালে ঢাকার বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ উড়োজাহাজে সৈয়দপুরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে সড়কপথে সাহাপাড়ায় গিয়ে তিনি নিজ হাতে কোদাল দিয়ে খাল খননের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। এ সময় স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়। অনেকেই মনে করছেন, খাল খননের ফলে এলাকার পানির সংকট কমবে এবং কৃষিকাজে সেচের সুবিধা বাড়বে।
কৃষি সেচব্যবস্থা উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। এর প্রথম ধাপে দেশের ৫৪টি জেলায় এই কর্মসূচি চালু করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, অতীতে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেওয়া সফল উদ্যোগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আধুনিক ও টেকসই পদ্ধতিতে খাল খনন ও রক্ষণাবেক্ষণ করা গেলে দেশের কৃষি খাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তবে এ কর্মসূচি বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ মোকাবিলাও করতে হবে।
উল্লেখ্য, ১৯৭৭ সালে গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের লক্ষ্য নিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। বর্ষাকালে অতিরিক্ত পানি সংরক্ষণ এবং শুষ্ক মৌসুমে কৃষিকাজে সেচ নিশ্চিত করাই ছিল এর মূল উদ্দেশ্য। সে সময় দেশের প্রায় ৩ হাজার ৬৩৬ মাইল খাল খনন করা হয়। পাশাপাশি স্থানীয় জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিও চালু করা হয়েছিল।