প্রয়োজনে বিয়ে বাড়ির গহনা বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবি প্রধান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৯:৪৭ পিএম
পবিত্র রমজান ও ঈদের সময় অর্থ ও মূল্যবান পণ্যের নিরাপত্তা সুনিশ্চিত করার পর এবার বিয়ের বাড়িতে গহনা বহনের ক্ষেত্রেও নিরাপত্তা দেবে পুলিশ। এমন ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
রোববার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ডিবি প্রধান বলেন, “ঈদে বাড়ি যাওয়া কেউ থানায় স্বর্ণালংকার রেখেছেন কি না, আমরা নিশ্চিত জানি না। তবে জনগণকে জানিয়েছি, তারা চাইলে ঈদের সময় থানায় স্বর্ণালংকার ও মূল্যবান জিনিস রাখতে পারেন, ব্যাংকের ভল্টেও রাখতে পারবেন। বিশেষ করে টাকা বা কোনো মূল্যবান গহনা পরিবহনের ক্ষেত্রে আমরা নিরাপত্তা নিশ্চিত করব।”
তিনি আরও বলেন, “ঈদের পরে বিভিন্ন জায়গায় বিয়ে হয়। কেউ যদি মনে করেন হোটেল বা কমিউনিটি সেন্টার থেকে বাড়ি পর্যন্ত গহনা বহনের সময়ে নিরাপত্তা প্রয়োজন, তবে নিকটস্থ থানায় যোগাযোগ করলে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব।”
ডিবি প্রধান জানান, “আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। ঈদের আগে কমিশনার স্যার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শুরু করেছেন। সারাদিনই আমরা নিরাপত্তার তদারকি করছি। প্রত্যেকটি পয়েন্টে আমরা ফোর্স উপস্থিত আছে কি না দেখছি। ঈদে বড় ধরনের কোনো ঘটনা হয়নি, বাকি দিনগুলোও আমরা নিরাপদভাবে পার করার আশা রাখছি।”