হাদি জামায়াতের প্রোডাক্ট: প্রধান আসামি ফয়সাল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৭:১০ পিএম

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে প্রথমবার মুখ খুলেছেন মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ। তিনি দাবি করেছেন, এই হত্যাকাণ্ড হয়তো জামায়াত-বিএনপির চাল হতে পারে। রোববার পশ্চিমবঙ্গের একটি আদালতে তোলার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ফয়সাল এসময় ওসমান হাদিকে ‘জামায়াতের প্রোডাক্ট’ বলেও মন্তব্য করেছেন।

হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের স্থানীয় আদালতে পাঠানো হয়। ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগর মহকুমার বিশেষ আদালতে তাদের হাজির করা হয়।

ফয়সাল বলেন, “আমি এই কাজ করিনি। এটি জামায়াত-বিএনপির চাল হতে পারে।” তবে জামায়াতের কারও জড়িত থাকার বিষয়ে তিনি বলেন, “সেটা তো আমি জানি না।”

ফয়সাল আরও বলেন, “আপনারা যে হাদি হাদি করছেন, বাংলাদেশের মানুষ যে হাদি হাদি করছে, হাদি তো জামায়াতের প্রোডাক্ট।” হত্যাকাণ্ডের সময় তিনি কি বাংলাদেশে ছিলেন কি না, তার জবাবে বলেন, “হ্যাঁ, ছিলাম।”

গত ৭ মার্চ বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ। পরে তাদের ১৪ দিনের রিমান্ডে পাঠানো হয়।

৩৭ বছর বয়সী ফয়সাল করিম মাসুদের বাড়ি বাংলাদেশের পটুয়াখালীতে, এবং ৩৪ বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়।

এর আগে, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করে। পরে ১৮ ডিসেম্বর তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970