অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি তেল: উপদেষ্টা জাহেদ উর রহমান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পিএম

ছবি: সংগৃহীত

জ্বালানি তেল কেনা-বেচায় স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। খুব শিগগিরই একটি মোবাইলভিত্তিক ব্যবস্থার মাধ্যমে জ্বালানি তেল কেনার প্রক্রিয়া চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে সরকারের চলমান কার্যক্রম ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জের কারণে বিশ্বের অনেক দেশেই জ্বালানির দাম বাড়ানো হয়েছে। তবে বাংলাদেশ এখনো সে পথে যায়নি। আগামী মাসে জ্বালানির মূল্য সমন্বয় করা হবে কি না, তা পরিস্থিতির ওপর নির্ভর করবে।

তিনি আরও জানান, বিশ্ব পরিস্থিতির প্রভাবে জ্বালানি সরবরাহে কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে প্রকৃত সংকটের চেয়ে অবৈধ মজুত ও পাচারের প্রবণতাই বাজারে অস্থিরতা সৃষ্টি করছে।

নতুন পদ্ধতির বিষয়ে তিনি বলেন, এই ব্যবস্থার মাধ্যমে কে কখন এবং কত পরিমাণ জ্বালানি তেল কিনছেন, তার সব তথ্য সংরক্ষিত থাকবে। এতে অনিয়ম কমবে এবং সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে।

অটোরিকশা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, শহরে অনিয়ন্ত্রিতভাবে এ ধরনের যান চলাচল করতে পারে না। অনেক ক্ষেত্রে এসব যানবাহনের ফিটনেস সঠিক নয় এবং চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণও নেই। ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের বিষয়ে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ এখনো পুরোপুরি প্রস্তুত নয়। তাই আপাতত উত্তরণের কোনো পরিকল্পনা সরকারের নেই।

দুর্নীতি প্রসঙ্গে তিনি জানান, অন্তর্বর্তী সময়ে কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের পর এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

হামের টিকা সংকট প্রসঙ্গে তিনি বলেন, এটি বর্তমান সরকারের সময়ের সমস্যা নয়, বরং আগের সরকারের অবহেলার ফল। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ ৩০টি এলাকায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩ মে থেকে সারা দেশে এ কার্যক্রম চালু হবে বলেও জানান তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970