‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট’, হাসনাতকে বললেন স্পিকার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পিএম
সংসদ অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে অসহিষ্ণু না হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এটি শাহবাগ স্কয়ার নয়, এটি সংসদ।
আজ শুক্রবার সন্ধ্যার পর অধিবেশন চলাকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় স্পিকার বলেন, অতিরিক্ত অসহিষ্ণু হলে চলবে না। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, একে অন্যকে শুনতে হবে। মৌখিক আলোচনার সুযোগও এখানে সীমিত, তাই নোটিশের মাধ্যমে বিষয় উপস্থাপন করতে হবে।
স্পিকার আরও বলেন, আইনমন্ত্রীর বক্তব্য গুরুত্বসহকারে বিবেচনা করা যেতে পারে। প্রয়োজনে নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী অধিবেশনে সংশোধনী বিল আনা যেতে পারে, যা সরকারি দল অবশ্যই বিবেচনা করবে।
সংসদের পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বড় ধরনের গণআন্দোলনের পর এই সংসদ গঠিত হয়েছে এবং নির্বাচনের মাধ্যমে সব সদস্য এখানে এসেছেন। এত বড় বিরোধী দল সংসদে খুব কমই দেখা যায়।
তিনি সংসদ সদস্যদের উদ্দেশে আরও বলেন, সংসদের শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখতে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।