বজ্রপাত ঠেকাতে সাইরেন বসানোর পরিকল্পনা, জানালেন ত্রাণমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:০১ পিএম

ছবি: সংগৃহীত

বজ্রপাতজনিত প্রাণহানি কমাতে দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বসানোর পরিকল্পনা নিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, সচেতনতা বাড়াতে বিশেষ করে হাওর অঞ্চলসহ উত্তর-পূর্বাঞ্চলে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

সোমবার জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের উত্থাপিত জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের আলোচনায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বজ্রপাত থেকে মানুষকে সতর্ক করতে সাইরেন ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। মেঘ জমলে সাইরেন বাজলে কৃষকরা দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারবেন। পাশাপাশি তালগাছ রোপণ ও বজ্রনিরোধক টাওয়ার স্থাপনের বিষয়েও গবেষণা চলমান রয়েছে।

তিনি আরও বলেন, বিধিমালা সংশোধন করা হয়েছে যাতে বজ্রপাতে গবাদি পশু মারা গেলে ক্ষতিগ্রস্ত কৃষকরা আর্থিক সহায়তা পান।

আসাদুল হাবিব দুলু বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। বছরের প্রায় সব সময়ই কোনো না কোনো দুর্যোগ দেখা দেয়। এসব দুর্যোগের মধ্যে আবহাওয়াজনিত এবং মানবসৃষ্ট উভয় ধরনের ঝুঁকি রয়েছে।

তিনি জানান, সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতের তীব্রতা ও ঘনত্ব বেড়েছে, বিশেষ করে হাওর ও উত্তরাঞ্চলে। প্রায়ই বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটছে। এ কারণেই বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970