দুলাভাইকে কথা বলতে দিন, না হলে চলে যাব: প্রধানমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২৬, ০৬:৪২ পিএম
সিলেটের এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে হাস্যরসের জন্ম দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “আমি কথা বললে শ্বশুরবাড়ির লোকদেরও শুনতে হবে।”
শনিবার সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে আয়োজিত জনসভায় এ মন্তব্য করেন তিনি। এর আগে এক দিনের সরকারি সফরে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী। সকালে বৃষ্টির মধ্যেই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে স্ত্রীকে সঙ্গে নিয়ে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সুধী সমাবেশে যোগ দেন।
দুপুরে কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন তিনি।
বক্তব্য চলাকালে উপস্থিত নেতাকর্মীরা ‘দুলাভাই’ বলে স্লোগান দিতে থাকলে প্রধানমন্ত্রী রসিকতার সুরে বলেন, “দুলাভাইকে কথা বলতে না দিলে তো দুলাভাই চলে যাবে। যাব আমি? কথা বলব, না যাব? কথা বলতে হলে চুপ থাকতে হবে।” এরপরই তিনি বলেন, “আমি কথা বললে শ্বশুরবাড়ির লোকদেরও শুনতে হবে।”
জনসভায় প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের কাছেই তাদের জবাবদিহিতা রয়েছে। মানুষের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, কৃষক কার্ড ও পরিবার কার্ড কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সারা দেশে তা সম্প্রসারণ করা হবে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব যোগ্য পরিবারকে এই সুবিধার আওতায় আনার লক্ষ্য রয়েছে।
এছাড়া ধর্মীয় নেতাদের ভাতা প্রদান, খাল খনন কার্যক্রম চালু এবং বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে কর্মসংস্থান বাড়বে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।