যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:০০ এএম
যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে এসে পৌঁছেছে।
শনিবার সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ বহনকারী বিমান অবতরণ করে। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন নিহত বৃষ্টির স্বজনরা।
জানা যায়, যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়। পরে দুবাইয়ে ট্রানজিট হয়ে আরেকটি ফ্লাইটে মরদেহ ঢাকায় আনা হয়। মরদেহ পাঠানোর সময় অরল্যান্ডো বিমানবন্দরে বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এর আগে স্থানীয় সময় বুধবার টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
একই ঘটনায় নিহত হন আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন, যিনি একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। গত ৪ মে তার মরদেহ দেশে আনা হয়।
নিহত দুই শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ।
জানা গেছে, গত ১৬ এপ্রিল দুই শিক্ষার্থী নিখোঁজ হন। ফোন বন্ধ পাওয়ার পর পরিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে। পরে তদন্তে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জামিলের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়।
পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে গত ২৪ এপ্রিল ফ্লোরিডার একটি সেতুর কাছ থেকে আবর্জনার ব্যাগের মধ্যে জামিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একাধিক হত্যার অভিযোগ আনা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।