আসরের পর নাহিদা বৃষ্টির জানাজা, দাদা-দাদির কবরের পাশে দাফন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:৩৬ এএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা আজ শনিবার (৯ মে) আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে। পরে তাকে মাদারীপুরে গ্রামের বাড়িতে দাদা-দাদির কবরের পাশে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহতের নানা আব্দুল আলী জানান, বিমানবন্দরে বৃষ্টির মরদেহ গ্রহণ করতে তার বাবা-মা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সেখান থেকে মরদেহ সরাসরি গ্রামের বাড়িতে নেওয়া হবে। পরে আসরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

এর আগে সকালে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে মরদেহ দেশে পাঠানো হয়। বিমানে তোলার সময় মিয়ামিতে থাকা বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এর আগে স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের টাম্পায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে দেশে আনা হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ হত্যার শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই সম্মাননা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ৫ মে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে পাঠানো এক চিঠিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970