ভারত সংখ্যালঘুদের মর্যাদা দিলে শ্রদ্ধা আরও বাড়বে: ধর্মমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৫:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হলে দেশটির প্রতি শ্রদ্ধা আরও বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি একই সঙ্গে বলেছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘুর ওপর নির্যাতন বা অবিচার সহ্য করা হবে না।

সোমবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, ভারত একটি বড় দেশ এবং গণতান্ত্রিক চর্চার জন্য তিনি দেশটিকে শ্রদ্ধা করেন। তবে সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রের সমান অংশ হিসেবে মর্যাদা দেওয়া হলে সেই শ্রদ্ধা আরও বাড়বে।

তিনি আরও বলেন, ভারতে যা-ই ঘটুক না কেন, তার প্রভাব বাংলাদেশে পড়তে দেওয়া হবে না। দেশে কোনো সংখ্যালঘু বা অন্য ধর্মাবলম্বীর ওপর নির্যাতন হলে তা কোনোভাবেই সহ্য করা হবে না। প্রয়োজনে দায়িত্ব ছেড়ে দিলেও এ ধরনের অন্যায় মেনে নেবেন না বলেও জানান তিনি।

পশ্চিমবঙ্গে মুসলমানদের পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে সরকারের প্রধানের পক্ষ থেকে যথাযথ বক্তব্য আসবে বলে তিনি আশা করেন।

বিশ্ব ইজতেমা প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, মুসলমানদের মধ্যে বিভক্তি কাম্য নয়। দুই পক্ষ আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছে আগের মতো ঐক্যবদ্ধভাবে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করুক—এটাই তার প্রত্যাশা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসউদুল হক এবং সঞ্চালনা করেন উবায়দুল্লাহ বাদল।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970