ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৬, ১১:২৯ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আয়োজনে উচ্চশিক্ষা বিষয়ক এক কর্মশালার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক এ কর্মশালা শুরু হয়।
সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
অধ্যাপক মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।
এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান তারেক রহমান। যুক্তরাজ্য থেকে দেশে ফেরার দুই দিন পর তিনি ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করেছিলেন।
কর্মশালায় পাঁচটি কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মো. আখতার হোসেন খানও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।