জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৯:৪৬ পিএম
ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক অভিযোগ করেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দীর্ঘ চাকরি জীবনে তিনি পদবঞ্চনা, বৈষম্য, অপমান এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছেন।
তবে শত প্রতিকূলতার মধ্যেও তিনি জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরে যাননি বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।
সোমবার পুলিশ সপ্তাহ দুই হাজার ছাব্বিশ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আবেগঘন বক্তব্য দেন।
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, দীর্ঘ চাকরি জীবনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসতে পেরে তিনি গর্বিত। তার ভাষায়, দীর্ঘ বঞ্চনা, কষ্ট, অপমান ও অপেক্ষার পর আজকের মুহূর্ত তার জীবনের একটি গুরুত্বপূর্ণ প্রাপ্তি।
ডিআইজি রেজাউল করিম মল্লিক আরও বলেন, জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে চাকরির শুরুতে মাত্র সতেরো মাসের মাথায় তাকে তৎকালীন সরকার অব্যাহতি দিয়েছিল। সে সময় তিনি পরিবার, আত্মীয়স্বজন ও সমাজের কাছে নিজেকে অসহায় মনে করতেন। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপে তিনি চাকরিতে পুনর্বহাল হন বলেও দাবি করেন।
বক্তব্যের এক পর্যায়ে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বেগম খালেদা জিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ নতুন আশার পথে এগিয়ে যাচ্ছে। দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে তিনি জাতীয়তাবাদী শক্তিকে আবারও ঐক্যবদ্ধ করেছেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছেন।
শেষে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সামনে নিজের দীর্ঘ স্মৃতি তুলে ধরেছেন এবং কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রসচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।