৩৩ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ১১:৪৭ এএম

ছবি: সংগৃহীত

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পানির সংকট কমাতে প্রায় ৩৩ হাজার ৪৭৪ কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ‘পদ্মা ব্যারাজ (প্রথম পর্যায়)’ নির্মাণ প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে।

জানা গেছে, প্রায় ২৫ বছর আগে তৎকালীন বিএনপি সরকার প্রথম এ প্রকল্পের উদ্যোগ নিয়েছিল। এবার নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বর্তমান সরকার নতুন করে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

প্রকল্প প্রস্তাবের নথি অনুযায়ী, রাজবাড়ীর পাংশা উপজেলার পদ্মা নদীতে ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ মূল বাঁধ নির্মাণ করা হবে। এর মাধ্যমে পানিপ্রবাহ বাড়িয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচটি নদীকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে পানির যে সংকট তৈরি হয়, তা মোকাবিলার লক্ষ্যেই দীর্ঘদিনের গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার পর প্রকল্পটি চূড়ান্ত করা হয়েছে।

প্রকল্পের আওতায় নির্মিত বাঁধে ৭৮টি স্পিলওয়ে, ১৮টি আন্ডার স্লুইস এবং দুটি ফিশ পাশ থাকবে। এর মাধ্যমে প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা সম্ভব হবে। এছাড়া সংরক্ষিত পানি বণ্টনের জন্য তিনটি পৃথক অবকাঠামো নির্মাণ করা হবে। একইসঙ্গে ১১৩ মেগাওয়াট ক্ষমতার জলবিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

সংরক্ষিত পানির মাধ্যমে হিসনা-মাথাভাঙ্গা, গড়াই-মধুমতি, চন্দনা-বারাশিয়া, বড়াল ও ইছামতী নদীর পানিপ্রবাহ পুনরুজ্জীবিত করা হবে। শুষ্ক মৌসুমে এসব নদীতে প্রায় ৮০০ কিউসেক মিটার পানি সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বৃহত্তর কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলের প্রায় ২৯ লাখ হেক্টর কৃষিজমিতে সেচের পানি সরবরাহ করা সম্ভব হবে। এর ফলে প্রায় ২৪ লাখ টন ধান এবং ২ দশমিক ৩৪ লাখ টন মাছের উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে।

এছাড়া প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরে প্রায় ৮ হাজার কোটি টাকার সামাজিক ও অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970