আগামী বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ থাকবে: প্রধানমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৮:৫৫ পিএম
আগামী জুনে ঘোষিত হতে যাওয়া জাতীয় বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য বড় অঙ্কের বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, দলটি সেগুলো বাস্তবায়নে কাজ করছে।
শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার লাকসামের মুদাফফরগঞ্জ বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং ইতোমধ্যে সেই কার্যক্রম শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের প্রায় ৫০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ বিশ্বাস ও আস্থার জায়গা থেকে বিএনপিকে নির্বাচনে বিজয়ী করেছে। দলটি জনগণের সেই বিশ্বাসের যথাযথ মূল্যায়ন করবে।
পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির হাতকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে পর্যায়ক্রমে সব উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
তারেক রহমান আরও বলেন, বিএনপি দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।