সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১০:১৬ পিএম
চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীর টিকাটুলি এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
শনিবার (১৬ মে) ওয়ারী থানার টিকাটুলি এলাকায় নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর গাড়িবহরের চলাচল নির্বিঘ্ন রাখতে সড়ক খালি করার কাজেও সক্রিয় দেখা যায় ইশরাক হোসেনকে।
চাঁদপুর সফরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লার বরুড়া উপজেলায় একটি পথসভায় অংশ নেন। পরে তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খোদ্দ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন এবং স্থানীয় এক সমাবেশে বক্তব্য দেন।
সরকারের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় নদী, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।