‘জুলাই শহীদ’ পরিবারের সন্তানদের বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৯:৪৭ এএম
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সন্তানদের জন্য সরকার বিনা বেতনে শিক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজসহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইতোমধ্যেই এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে।
রোববার (২০ অক্টোবর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের সমন্বয় শাখার সহকারী পরিচালক মো. হুমায়ুন কবিরের স্বাক্ষর করা একটি স্মারকে এই নির্দেশনা জারি করা হয়। এতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বরের এক চিঠির বরাত দিয়ে জানানো হয়, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে অসংখ্য দেশপ্রেমিক নারী-পুরুষ ও ছাত্রজনতা জীবন উৎসর্গ করেছেন। তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ পরিবারের সন্তানদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট ও ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে জুলাই শহীদ পরিবারের সন্তানদের অবৈতনিকভাবে পড়াশোনার সুযোগ দিতে হবে। এ জন্য প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।