ফ্যামিলি কার্ড বিতরণে গরিবদের বঞ্চিত করেছেন আমলারা: ডেপুটি স্পিকার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৬:৩২ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ড্রিম প্রজেক্ট’ ফ্যামিলি কার্ড বিতরণে প্রকৃত গরিব মানুষকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। তিনি বলেন, এ কাজে কিছু আমলা অন্যায় করেছেন।
রোববার (১৭ মে) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ‘চাষাভূষার সন্তান’ গ্রন্থের প্রাসঙ্গিকতা ও করণীয় শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে নেত্রকোনা সাংবাদিক ফোরাম।
ডেপুটি স্পিকার বলেন, স্বাধীনতার পর থেকে হাওড় অঞ্চল নিয়ে কোনো টেকসই ও বৈজ্ঞানিক পরিকল্পনা নেওয়া হয়নি। মৎস্য চাষ ও উন্নয়নের নামে ইজারা ও লিজ ব্যবস্থার মাধ্যমে হাওড় ধ্বংসের নৈরাজ্য চলছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, হাওড়ের ক্ষয়ক্ষতির সরকারি তালিকায় প্রকৃত ক্ষতির তুলনায় তিন গুণ বেশি তথ্য দেখানো হয়েছে। একই সঙ্গে ভুয়া নাম অন্তর্ভুক্তির অভিযোগও তোলেন কায়সার কামাল।
হাওড় অঞ্চলের প্রকৃত সমস্যা ও ক্ষতির কারণ নির্ধারণে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের দাবি জানান তিনি।
সেমিনারে উপস্থিত বক্তারা হাওড় এলাকার কৃষক ও চাষিদের দুর্দশা, সংকট এবং উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা করেন।