চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৯:৫৭ পিএম
যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকালে তিনি ঢাকায় পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছে বঙ্গভবনের প্রেস উইং।
এর আগে গত ৯ মে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ফলোআপ চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি। চিকিৎসাধীন অবস্থায় তার হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক ধরা পড়ে। পরে ১২ মে জরুরি ভিত্তিতে তার সফল এনজিওপ্লাস্টি করা হয় এবং হৃদযন্ত্রে একটি স্টেন্ট স্থাপন করা হয়।
জানা গেছে, যুক্তরাজ্যের কেমব্রিজে অবস্থিত রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম সম্পন্ন হয়।
চিকিৎসা সফলভাবে শেষ হওয়ায় চিকিৎসকরা তাকে দেশে ফেরার অনুমতি দেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।