ঢাকাসহ আশপাশের জেলায় বিজিবি মোতায়েন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৮:৫১ পিএম
পবিত্র কোরবানির ঈদ সামনে রেখে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২১ মে) থেকে রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন এলাকা এবং গাজীপুর চৌরাস্তাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন শুরু করেছেন বিজিবি সদস্যরা।
সরকারের নির্দেশনা অনুযায়ী, ঈদকে কেন্দ্র করে জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঈদের আগে সাত দিন ও ঈদের পর তিন দিন মাঠে থাকবেন তারা।
এ ছাড়া গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিচালিত মোবাইল কোর্ট কার্যক্রমেও সহায়তা করবেন বিজিবি সদস্যরা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।