তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাই যোদ্ধা শাহিন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:২২ পিএম

ছবি: সংগৃহীত

তারেক রহমানকে ১০ বছর সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত এবং নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেওয়া মোহাম্মদ শাহিন মালু। তিনি বলেন, দেশের মানুষ যদি দেশকে ভালোবাসে, তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অন্তত ১০ বছর সময় দিতে হবে, এ বিষয়ে কোনো বিতর্ক থাকা উচিত নয়।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ আহত পরিবারের প্রতিনিধি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।

বক্তব্যে শাহিন মালু বলেন, বর্তমানে জীবিকার সন্ধানে অনেক বাংলাদেশি বিদেশে যাচ্ছেন। তবে তারেক রহমানকে যথেষ্ট সময় দেওয়া হলে এমন পরিস্থিতি তৈরি হবে, যখন বিদেশিরাই বাংলাদেশে এসে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি অভিযোগ করেন, জুলাই-আগস্টের আন্দোলনে বিএনপিপন্থী আহত ও নিহতদের প্রতি অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যমূলক আচরণ করেছে। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপিকে ভালোবাসার কারণে তিনি সবকিছু হারিয়েছেন এবং দীর্ঘ ১৭ বছর নানা কষ্টের মধ্য দিয়ে সময় কাটিয়েছেন।

এ সময় আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি বিপুল সম্পদের মালিক হয়েছেন বলেও দাবি করেন শাহিন মালু। তিনি জানান, শারীরিকভাবে এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি এবং চলাফেরার জন্য তাকে ক্রাচের ওপর নির্ভর করতে হচ্ছে।

শাহিন মালুর ভাষ্য, জিয়া পরিবার দেশের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে। তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে তারেক রহমান দীর্ঘ ১৭ বছর দেশে ফিরতে পারেননি। দেশের উন্নয়নের স্বার্থে তার নেতৃত্বের প্রতি আস্থা রাখারও আহ্বান জানান তিনি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী আসাদুজ্জামানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970