গালি দিলেই গুলি করবে, আমরা সেই পুলিশ হতে চাই না: আইজিপি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আমরা সেই পুলিশ হতে চাই না, যে গালি দিলে গুলি করবে। সন্ত্রাসীরা জানে ধরা পড়লে ক্রসফায়ার বা গুম। আমি ক্রসফায়ার দিয়ে সন্ত্রাস দমন করতে চাই না। আমি রুলসের মধ্য দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে কোর্টে পাঠাবো। চার্জশিট দেবো, ওইখানে বিচার হবে। এর মধ্য দিয়েই আমি সন্ত্রাস দমন করব। এর জন্য মূল্য দিতে হচ্ছে, ঘুমহীন রাত কাটাতে হচ্ছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে খুলনা মহানগরীর কেএমপি পুলিশ লাইনসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে আইজিপি খুলনার পাঁচটি স্থানে চলমান নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন আইজপি।

আইজিপি বলেন, আমি মনে করি- আমরা নৈতিকভাবে এখন অনেক বেশি শক্তিশালী। আমরা এখন গুলি করে মানুষকে মারি না, জোর করে লাঠিপেটা করি না, গ্যাস মারি না। আমরা সেই পুলিশ হতে চাই না, যে গালি দিলে গুলি করবে।

তিনি বলেন, মানুষ নির্বাচনকে স্বাগত জানাচ্ছে। উদগ্রীব হয়ে মানুষ অপেক্ষা করছে নির্বাচনের জন্য। জনগণ এখন নির্বাচনমুখী, এটাই পুলিশের সবচেয়ে বড় শক্তি। কাজেই এখানে যেসব বাধা-বিপত্তি, বিশৃঙ্খলা, অপরাধ ও সন্ত্রাস আছে- এসব দমনে আমার বিশ্বাস সমাজের সবাই সহযোগিতা করবেন। তাই আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার মতো সক্ষমতা কোনো অপশক্তির নেই।

নির্বাচন বানচালে নাশকতা বন্ধে পুলিশের পদক্ষেপের বিষয়ে আইজপি আরও বলেন, আমরা কাজ করে যাচ্ছি। পুলিশের একার পক্ষে বল প্রয়োগ করে এই নাশকতা শেষ করা অথবা মোকাবিলা করা সম্ভব না। সমাজের সবাই আমাদেরকে সাহায্য করলে আমার বিশ্বাস আমাদের হাতে যে দুই মাস সময় আছে, আমরা অবশ্যই এসব সমস্যা দমন করতে পারব।

আইজিপি বাহারুল আলম বলেন, আগে পুলিশ কিছু হলেই একজনকে ধরে নিয়ে আটকে ফেলত। কোর্টকে জানানোর কোনো প্রয়োজন ছিল না। তিনদিন আটকে রাখলাম, একমাস আটকে রাখলাম। অথবা ক্রস ফায়ারের নামে খুন করে ফেললাম। এই যে অন্যায়, অত্যাচার করে টিকে থাকা এটা তো সবলতার লক্ষণ নয়। সবল কর্তৃপক্ষ বা সবল সরকার কি মানুষের ওপর অত্যাচার করে? অত্যাচার কে করে? করে তো একটা দুর্বল সরকার। যার আইনি ভিত্তি নেই। যার নৈতিক শক্তি নেই। মানুষকে অত্যাচার করা, গুলি করা, লাঠি দিয়ে আঘাত করা, মানুষকে গুম করে ফেলা দুর্বল কর্তৃপক্ষের বৈশিষ্ট্য।

পুলিশ প্রধান বলেন, পুলিশের সবগুলো ইউনিটে আমাদের প্রশিক্ষণ চলছে। নির্বাচনে আগের চেয়ে এবার দায়িত্ব পালন বেশি গুরুত্বপূর্ণ। সরকার চাচ্ছে এই নির্বাচন সবচেয়ে ফ্রি, ফেয়ার এবং উৎসবমুখর হবে। এ জন্য আমাদের দায়িত্বটা আমরা যেন সবচেয়ে ভালোভাবে পালন করতে পারি, সে জন্য আমরা নিজেরা প্রশিক্ষিত হচ্ছি। গত ৩টি নির্বাচন নিয়ে নানা বিতর্ক আছে, নানা সমালোচনা আছে। সেসব সমালোচনা থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970