মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও কামালকে আবারও ফেরত চাইল বাংলাদেশ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:১৮ এএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের পর ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
সোমবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের রায়ে পলাতক এই দুই আসামিকে জুলাই হত্যাকাণ্ডের জন্য দণ্ডিত করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের অন্য কোনো দেশে আশ্রয় দিলে তা হবে ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা ও অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে, যাতে তারা অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এটি ভারতের জন্য পালনযোগ্য দায়িত্ব।
এর আগে বাংলাদেশ কয়েক দফায় আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য চিঠি পাঠিয়েছে। তবে ভারতের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি।
পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন, পুনরায় অনুরোধ করা হয়েছে, কিন্তু ভারতের পক্ষ থেকে কোনও ইতিবাচক উত্তর পাওয়া যায়নি।