একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করতে ইসিকে সরকারের চিঠি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম
সরকার নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের জন্য। শনিবার (২২ নভেম্বর) ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধের প্রেক্ষাপটে গত ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের কথা ঘোষণা করেন। এক সপ্তাহ পর মন্ত্রিপরিষদ বিভাগ ইসিকে আনুষ্ঠানিক চিঠি পাঠায়।
চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজন করা হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। ইসি সচিব আখতার আহমেদ বলেন, “সরকার চিঠি দিয়ে জানিয়েছে, গণভোট আয়োজনের দায়িত্ব ইসির। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, ইসি আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল প্রকাশের মাধ্যমে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট নেওয়ার পরিকল্পনা করছে।