নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে, রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ তত বাড়বে। তবে ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই।
রোববার (২৩ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে। দেশে ভূমিকম্পের আর্লি ওয়ার্নিং ব্যবস্থা না থাকায় এ বিষয়ে নতুন প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। অনেক দেশে ভূমিকম্প হওয়ার প্রায় ১০ সেকেন্ড আগে সংকেত দেয় এমন অ্যাপ রয়েছে—দেশেও এমন একটি ব্যবস্থা চালুর চিন্তা করা হচ্ছে।
তিনি বিল্ডিং কোড কঠোরভাবে মানার ওপর গুরুত্ব দিয়ে বলেন, কোড না মানলে ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। জলাশয় দখল, মাঠ কমে যাওয়া—এসব বিষয়েও সজাগ থাকতে হবে। এসব ক্ষেত্রে দায়িত্বশীল সংস্থা রাজউকের নজরদারি আরও বাড়ানো প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।