ভূমিকম্পের পর এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড়
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম
দুদিনে চারবার ভূমিকম্পের পর এবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি দুর্বল নিম্নচাপ তীব্র হয়ে ‘সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে’ পরিণত হয়েছে। আশা করা হচ্ছে, এটি আগামী সোমবার আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে রূপ নেবে।
রোববার (২৩ নভেম্বর) কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, ২৬ ও ২৭ নভেম্বরের মধ্যে আন্দামান ও নিকবার দ্বীপের দক্ষিণ পাশে লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, এটি পর্যায়ক্রমে নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং সর্বশেষে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মোস্তফা কামাল পলাশ আরও জানান, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে এবং কোন পথে বাংলাদেশ উপকূলে আঘাত করবে তা বিভিন্ন দেশের আবহাওয়া পূর্বাভাস মডেল ভিন্নভাবে দেখাচ্ছে। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যেকোনো অঞ্চলের ওপর আঘাত করার আশঙ্কা রয়েছে। পরবর্তী আপডেট ২৬ নভেম্বর পাওয়া যাবে।
কৃষকদের জন্য সতর্কতা:
সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে পাকা আমন ধান কেটে নেওয়া এবং শীতকালীন শাক-সবজি চাষীদের বীজ বোনা ও সেচের প্রস্তুতি নেওয়া। ২ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে।
সমুদ্রগামী জেলেদের জন্য সতর্কতা:
১ ডিসেম্বর থেকে উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ১ ডিসেম্বরের মধ্যে উপকূলে ফেরার প্রস্তুতি নিতে হবে। ৩০ নভেম্বরের পর নতুন করে সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সেন্টমার্টিন ভ্রমণ ও আবহাওয়া:
১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপের মধ্যবর্তী সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। সমুদ্র ভ্রমণে যাওয়ার আগে আবহাওয়া সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।