বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহর এখন ঢাকা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১২:২৩ পিএম

প্রতিনিয়ত জনসংখ্যা ও বিস্তৃতির দিক থেকে বৃদ্ধি পাচ্ছে রাজধানী ঢাকা। জাতিসংঘের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার অবস্থান বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহর হিসেবে। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ২০৫০ সালের মধ্যে এটি বিশ্বের সবচেয়ে বড় শহরের তালিকার শীর্ষে উঠবে।

বুধবার (২৬ নভেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য প্রকাশ করেছে। আগে বিশ্বের বৃহৎ শহর হিসেবে চিহ্নিত ছিল জাপানের রাজধানী টোকিও। কিন্তু বর্তমানে শীর্ষে অবস্থান করছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, এরপরেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা, আর তৃতীয় স্থানে নেমে গেছে টোকিও।

জাতিসংঘের তথ্যে বলা হয়েছে, বর্তমানে জাকার্তায় বাস করছেন ৪ কোটি ১৯ লাখ মানুষ, ঢাকায় ৩ কোটি ৬৬ লাখ এবং টোকিওতে ৩ কোটি ৩৪ লাখ। ২০০০ সালে টোকিওকে বিশ্বের সবচেয়ে বড় শহর হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

জাতিসংঘের ‘ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্ট ২০২৫’ রিপোর্টে আরও বলা হয়েছে, বিশ্বে বর্তমানে ৩৩টি মেগাসিটি আছে। যেখানে ১৯৭৫ সালে কেবল ৮টি মেগাসিটি ছিল। মেগাসিটি বলতে বোঝানো হয় সেই শহর যেখানে ১ কোটির বেশি মানুষ বসবাস করে। এ ৩৩টি শহরের মধ্যে ১৯টি এশিয়ায় অবস্থিত, এবং শীর্ষ ১০টির মধ্যে ৯টির অবস্থানও এশিয়ায়।

শীর্ষ মেগাসিটিগুলোর মধ্যে আছে ভারতের নয়াদিল্লি, চীনের সাংহাই ও গুয়াংজু, ফিলিপাইনের মানিলা, ভারতের কলকাতা এবং দক্ষিণ কোরিয়ার সিউল। এশিয়ার বাইরে কায়রো বিশ্বের শীর্ষ ১০ মেগাসিটির একটি। আমেরিকায় সবচেয়ে বড় শহর ব্রাজিলের সাও পাওলো, আর সাব-সাহারান অঞ্চলে নাইজেরিয়ার লাগোস।

জাতিসংঘ বলেছে, ঢাকার জনসংখ্যা এত দ্রুত বৃদ্ধি পাওয়ার মূল কারণ হলো প্রত্যন্ত অঞ্চলের মানুষ রাজধানীতে আসা। অনেকে কাজ বা জীবিকা খুঁজে আসছেন, আবার অনেকে বন্যা ও সমুদ্রস্তর বৃদ্ধির ঝুঁকি এড়াতে ঢাকায় বসতি স্থাপন করছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970