আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: প্রধান উপদেষ্টা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানের পর দেশের সামনে যে নতুন নির্বাচন আসছে, তাকে একটি “ঐতিহাসিক সুযোগ” হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই নির্বাচন শুধু আরেকটি ভোট নয়, বরং নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি স্থাপনের সময়। তাই নির্বাচনকে অবশ্যই সুন্দর, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে আয়োজন করে স্মরণীয় করে রাখতে হবে।

বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের ইউএনওদের সঙ্গে নির্বাচন প্রস্তুতি নিয়ে ভিডিও কনফারেন্সে কথা বলেন তিনি। এ সময় সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারাও অনলাইনে যুক্ত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “ইতিহাস আমাদের এমন এক সুযোগ দিয়েছে যা অন্য প্রজন্ম হয়তো পাবে না। আমরা এই সুযোগ কাজে লাগাতে পারলে নতুন বাংলাদেশ গড়তে পারব, আর যদি ব্যর্থ হই তাহলে জাতি মুখ থুবড়ে পড়বে।”

আগের সরকার আমলের নির্বাচনগুলো নিয়ে তিনি বলেন, “বিগত সময়ের নির্বাচনগুলো নির্বাচন নামের প্রতারণা ছাড়া কিছুই ছিল না—যেকোনো সুস্থ মানুষ সেটাই বলবে।”

ইউএনওদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আগামী নির্বাচন আপনাদের জন্য শুধু আরেকটি দায়িত্ব নয়, এটি একটি ঐতিহাসিক দায়িত্ব। আপনারা দায়িত্ব ঠিকভাবে পালন করলে সরকার সফল হবে এবং জনগণের চোখেও এই নির্বাচন এক বিশেষ দিন হয়ে থাকবে।”

নির্বাচনের পাশাপাশি গণভোটকেও “অত্যন্ত গুরুত্বপূর্ণ” বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “নির্বাচন পাঁচ বছরের জন্য হলেও গণভোট শত বছরের জন্য। এর মাধ্যমে আমরা স্থায়ীভাবে বাংলাদেশকে বদলে দিতে পারি।”

সদ্য যোগ দেওয়া ইউএনওদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, তাদের প্রধান দায়িত্ব হলো শান্তিপূর্ণ ও আনন্দমুখর নির্বাচন আয়োজন। নিজ এলাকার সব ভোটকেন্দ্র পরিদর্শন করা, স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলা এবং সুন্দরভাবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়াই হবে মূল কাজ।

গণভোট বিষয়ে ভোটারদের সচেতন করার ওপর জোর দিয়ে তিনি বলেন, “ভোটারদের বোঝাতে হবে—আপনারা ‘হ্যাঁ’ বা ‘না’ যেটাই দিন, সিদ্ধান্ত নিয়ে আসবেন।”

প্রশাসনের কর্মকর্তাদের তিনি ধাত্রীর সঙ্গে তুলনা করে বলেন, ধাত্রী ভালো হলে শিশুও ভালো জন্মায়—অর্থাৎ প্রশাসন শক্তিশালী ও সঠিকভাবে কাজ করলে ফলও ভালো হবে। অপতথ্য ও গুজব প্রতিরোধে সক্রিয় থাকার নির্দেশনাও দেন তিনি।

নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, “নারীরা যেন স্বাচ্ছন্দ্যে ভোটকেন্দ্রে আসতে পারেন, সেজন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও জানান, খুব শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তাই এখন থেকেই কোন কাজ কখন করতে হবে তার সুস্পষ্ট পরিকল্পনা নিতে ইউএনওদের নির্দেশনা দেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এবং জনপ্রশাসন সচিব মো. এহছানুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970