তারেক রহমানকে অভ্যর্থনায় ৩০০ ফিটে তৈরি হচ্ছে মঞ্চ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ পিএম
আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে সংবর্ধনা অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি। এ উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিশাল মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর থেকে বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের একটি অংশজুড়ে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্ট কমিটির সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির নেতারা।
দলীয় নেতারা জানান, দীর্ঘদিন পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। আগামী ২৫ ডিসেম্বর তিনি ঢাকায় পৌঁছে বনানী-কাকলী হয়ে ৩০০ ফিট এলাকায় যাবেন এবং সেখানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেবেন।
এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের লিখিত অনুমতি পেয়েছে বিএনপি। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী অনুমতিপত্রটি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে পাঠান।
উল্লেখ্য, প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন শেষে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা ১১টা ৫৫ মিনিটে অবতরণ করার কথা রয়েছে।