দেশের পথে তারেক রহমান, পৌঁছেছেন হিথ্রো বিমানবন্দরে

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ পিএম

দেশের পথে তারেক রহমান, পৌঁছেছেন হিথ্রো বিমানবন্দরে। ছবি: সংগৃহীত

দীর্ঘ দেড় যুগ পর দেশে ফেরার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৫ মিনিটে তিনি সপরিবারে লন্ডনের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন।

সবকিছু ঠিক থাকলে বুধবার মধ্যরাতে লন্ডন ত্যাগ করবেন তারেক রহমান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি দেশের মাটিতে পৌঁছাবেন বলে জানা গেছে। এ সময় তার সঙ্গে থাকবেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাজধানীসহ আশপাশের এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পূর্বাচল এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা দিতে প্রস্তুত বিএনপি। দলটির নেতাদের আশা, ঢাকায় আয়োজিত এই গণসংবর্ধনায় ৫০ লাখের বেশি নেতাকর্মী ও সমর্থক উপস্থিত হতে পারেন। বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলের সংবর্ধনাস্থলে যাবেন তারেক রহমান।

বিএনপি নেতাদের দাবি, তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে, তা অতীতের সব আয়োজনকে ছাড়িয়ে যাবে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও প্রত্যাশা করছে দলটি।

বিএনপি সূত্র জানায়, তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর কুড়িল সংলগ্ন পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। পুরো আয়োজন সুশৃঙ্খল ও নিরাপদ করতে দলীয় নেতাকর্মীরা কাজ করছেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইতোমধ্যে সংবর্ধনা আয়োজনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অনুমতি পাওয়া গেছে। মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দলটির শীর্ষ নেতারা দফায় দফায় অনুষ্ঠানস্থল পরিদর্শন করছেন।

উল্লেখ্য, ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করেন। এ সময় তার স্ত্রী ডা. জুবাইদা রহমান কয়েকবার দেশে এলেও তারেক রহমান দেশে ফিরতে পারেননি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970