সিলেটে পৌঁছেছেন তারেক রহমান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:০২ এএম
দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যের লন্ডন থেকে তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে উড়োজাহাজটি সিলেট থেকে রওনা হয়ে দুপুর পৌনে ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
এর আগে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (বিজি-২০২) ফ্লাইটটি স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। ঢাকায় পৌঁছে সরাসরি ওই সংবর্ধনা স্থলে যাওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের।
প্রিয় নেতাকে এক নজর দেখার আশায় এবং এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বুধবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মীরা পূর্বাচল ৩০০ ফিট হাইওয়ে এলাকায় জড়ো হতে শুরু করেন। পুরো এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ, নেতাকর্মীদের মুখে মুখে শোনা যাচ্ছে— ‘লিডার আসছে’।