দেশের ৫৫ বছরের ইতিহাসে আজ অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে: সালাহউদ্দিন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ এএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের গত ৫৫ বছরের ইতিহাসে আজ একটি অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের বিগত ৫৫ বছরের ইতিহাসে আজ একটি অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে দেশবাসী। ইনশাআল্লাহ, এই সময়টিকে আমরা একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে স্মরণ করতে পারবো।

তিনি বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ ঘটনা। দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য যে আন্দোলন চলেছে, তার ফলে আজ মানুষের মধ্যে নতুন করে আশার আলো দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, আমরা প্রায় ১৬ থেকে ১৭ বছর ধরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধারাবাহিক সংগ্রাম চালিয়ে এসেছি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই আন্দোলন একটি পরিণতিতে পৌঁছেছে। ফ্যাসিবাদের পতন হয়েছে, গণতন্ত্র মুক্ত হয়েছে এবং আজ আমরা একটি মুক্ত পরিবেশে দাঁড়িয়ে আছি।

বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দেশি-বিদেশি দোসররা এখনো সক্রিয় রয়েছে। তারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাবে। তবে এসব ষড়যন্ত্র শেষ পর্যন্ত তাদের জন্যই দুঃস্বপ্ন হয়ে থাকবে।

তিনি বলেন, সহিংসতা ও অগণতান্ত্রিক পন্থায় যারা বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা রুদ্ধ করতে চায়, তাদের সম্মিলিতভাবে প্রতিহত করা হবে। জনগণের সহযোগিতায় গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সুশাসিত রাষ্ট্র গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970