ঢাবিতে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ এএম

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন শহীদ হাদির সমাধিতে পৌঁছে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত তার বাসভবন থেকে তারেক রহমানের গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা দেয়।

তারেক রহমানের এই কর্মসূচিকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের রাজু ভাস্কর্যের পাদদেশে উপস্থিত থাকতে দেখা যায়।

কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। টিএসসি থেকে শহীদ ওসমান হাদির কবর পর্যন্ত এলাকায় দুই স্তরের ব্যারিকেড বসানো হয়। পাশাপাশি শাহবাগ দিক থেকেও অতিরিক্ত ব্যারিকেড স্থাপনসহ পুলিশের কড়া নজরদারি ছিল।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরবর্তীতে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির নিকটে দাফন করা হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970