গুলশানে তারেক রহমানের বাসভবনে খালেদা জিয়ার মরদেহ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ এএম
রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশানে নেওয়া হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মরদেহবাহী গাড়ি হাসপাতাল প্রাঙ্গণ ত্যাগ করে।
শুরুর দিকে তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা থাকলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে মরদেহটি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়। এ সময় গুলশান এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তোলেন।
মরদেহবাহী গাড়িতে জাতীয় পতাকা মোড়ানো ছিল। সর্বশেষ শ্রদ্ধা জানাতে পথে পথে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে শোকাহত অবস্থায় দেখা যায়।
বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা শেষে তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
জানাজা ও দাফন অনুষ্ঠান নির্বিঘ্ন করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সরকার ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ উপলক্ষে বুধবার সারা দেশে সাধারণ ছুটি পালন করা হচ্ছে।